মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা, হুমকি ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী প্রেসক্লাব।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক।

মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গত ২০ বছরে নিহত ও নিখোঁজ সাংবাদিকদের ঘটনাগুলোরও বিচার নিশ্চিত করতে হবে।

তিনি সাংবাদিকদের হুমকি ও নির্যাতন বন্ধ এবং পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা ও অপপ্রচার প্রত্যাহারের দাবি জানান। পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এ সময় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তির দাবিও জানান বক্তারা। পাশাপাশি ৫ আগস্টের পর রাজশাহী প্রেসক্লাব দখলের অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম জুলুসহ সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজশাহী স্বার্থ রক্ষা কমিটির সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খান, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো।

এ ছাড়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি, মোহনপুর প্রেসক্লাব, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয়, মহানগর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বাঘা উপজেলা শাখার নেতৃবৃন্দ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর