মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, কৃতি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কাঁঠালিয়া উপজেলায় ট্যালেন্টপুলে ২৭ জন এবং সাধারণ গ্রেডে ৩৩ জনসহ মোট ৬০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহরসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় পাঁচজন শিক্ষার্থীকে বিমানযোগে বরিশাল থেকে ঢাকা ভ্রমণের টিকিট তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

এই বাংলা/এমএস

 

এই সম্পর্কিত আরো খবর