মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ বসতবাড়িতে হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সাটুরিয়া ইউনিয়নের শেখড়ীনগর (মধ্যপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোরশেদ আলমের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দাদের ও আশিকের মা রেবেকা বেগমের বক্তব্য নেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা ও অপরাধ প্রমাণিত হওয়ায় আশিককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে তার কাছ থেকে একটি লাইটার, একটি মোড়ানো ১০ টাকার নোট, এক টুকরো রাংতা ও একটি বোতলের ক্যাপসহ হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, সাটুরিয়াকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জের কর্মকর্তা ও সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর