রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিগত সময়ের চেয়ে স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের তুলনায় বেশি স্বচ্ছ হবে। এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করার চেষ্টা করা হবে।

রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন করা হবে। তাঁরা স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখবেন বলে আশা করেন তিনি।

বর্তমান সরকারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের সরকার। দেশের মানুষ সরকারের ওপর আস্থা রাখতে শুরু করেছে বলে তিনি বিশ্বাস করেন। জনগণের অনেক চাহিদা থাকলেও সবগুলো এখনো পূরণ করা সম্ভব হয়নি। এর মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যাও রয়েছে।

তিনি বলেন, এসব খাতে দেশকে দীর্ঘদিন পরনির্ভরশীল করে রাখা হয়েছে। বর্তমান সরকার এমনভাবে সমস্যাগুলোর সমাধান করতে চায়, যাতে বাংলাদেশকে ভবিষ্যতে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।

ফারজানা শারমিন পুতুল আরও বলেন, সমস্যা থেকে সমাধানে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে মানুষের কষ্ট হচ্ছে। এ জন্য সরকার ও প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো ঘাটতি নেই দাবি করে তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর