রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কাঁঠালিয়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাবিনা আক্তার নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা ওই গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে। তিনি আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো বাড়ির দোতলায় ঘুমাতে যান সাবিনা। রোববার সকাল ১১টা পর্যন্ত নিচে না নামায় পরিবারের সদস্যরা দোতলায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে নামিয়ে পুলিশে খবর দেন।

স্থানীয়দের দাবি, সাবিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান তারা। পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফাও বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সাবিনার মানসিক সমস্যার কথা জানা যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা এবং ময়নাতদন্ত না করার জন্য আবেদন করায় বিষয়টি বিবেচনা করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর