রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের তিনটি কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। এ উপলক্ষে সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলোর কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পার্বত্য জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ সময়োপযোগী। এসব কমিটি পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করছেন।

সংগঠনের নেতারা পাহাড়ে বসবাসরত সব জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা সরকারের এ উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইলাপ্রু মারমা, সদর উপজেলা সভাপতি মংখই মারমা, সাধারণ সম্পাদক থৈইউ মারমা, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অংগ্য মারমা এবং জেলা মহিলা মারমা ঐক্য পরিষদের সভানেত্রী চাইঞাং মারমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর