বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কর্মচারী সেকেন্দারের দুঃসময়ে সদরপুর সরকারি কলেজের শিক্ষকদের সহায়তা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ও ইলেকট্রিশিয়ান সেকেন্দার মাতুব্বরের দুঃসময়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন কলেজের শিক্ষকরা। শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষকদের কাছ থেকে সংগ্রহ করা ১৫ হাজার ১০০ টাকা সেকেন্দার মাতুব্বরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক সেকেন্দার মাতুব্বরের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইসমাইল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য সৈয়দ আমিনুল হক এবং কর্মচারীদের পক্ষে হিসাবরক্ষক (ইনচার্জ) সি এম জাকির।

কলেজ সূত্রে জানা যায়, সেকেন্দার মাতুব্বর সদরপুর সরকারি কলেজে ইলেকট্রিশিয়ান পদে বেসরকারি কর্মচারী হিসেবে কর্মরত। গত ২৩ আগস্ট তার স্ত্রী শিখা আক্তার ঢাকায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটির শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ওইদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ ঢাকা থেকে সদরপুর উপজেলার দশহাজার গ্রামের নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়।

নবজাতক শিশুর চিকিৎসা এবং স্ত্রীর অস্ত্রোপচারে পরিবারের উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়। সন্তান হারানোর শোকের পাশাপাশি চিকিৎসা ব্যয়ের চাপের মধ্যে থাকা সেকেন্দারের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় কলেজের শিক্ষক পরিষদ।

শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজের শিক্ষকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেকেন্দার মাতুব্বরকে ১৫ হাজার ১০০ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী উপস্থিত ছিলেন। তিনি এ উদ্যোগের জন্য কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদসহ সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, বিপদের সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সেকেন্দার মাতুব্বরের পরিবারের কঠিন সময়ে কলেজের শিক্ষকরা যে সহমর্মিতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সহকর্মীর দুঃসময়ে কলেজের শিক্ষক পরিষদের এ উদ্যোগ পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার একটি মানবিক দৃষ্টান্ত।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর