বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম মাধনগর নওপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম মাধনগর এলাকার মৃত দুলাল মন্ডলের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. সাইদুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২২) এবং মৃত আহাদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে টহল দেওয়ার সময় ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর