চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার একটি আমবাগান থেকে ১০টি ককটেল, ২ দশমিক ৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ ও ২ দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করেছে র্যাব-৫।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে সদর থানাধীন ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসএম কলেজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে র্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধার করা আলামতগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে মজুত করে রাখা হয়ে থাকতে পারে। তবে আলামতগুলোর প্রকৃত ব্যবহার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস