দীর্ঘ প্রায় পাঁচ বছর পর অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনে সভাপতি পদে মো. সরোয়ার হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক পদে মো. সোবহান মোল্লা বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রাথমিক ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আনারস প্রতীকের প্রার্থী সরোয়ার হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী সোবহান মোল্লা জয়ী হয়েছেন। তাদের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরাও বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে মোট ৭৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ভোটারদের উপস্থিতি ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সরোয়ার-সোবহান পরিষদের বিপরীতে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে কাজী খুরশিদ আলম পল্টু প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, আদালতের নির্দেশনা ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।
প্রাথমিক ফলাফলে কার্যকরী সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ৪১১ ভোট, ঊর্ধ্বতন সহ-সভাপতি পদে কলস প্রতীকের প্রার্থী ৪২৩ ভোট এবং সহ-সভাপতি পদে কাতল মাছ প্রতীকের প্রার্থী ৪৮১ ভোট পেয়েছেন বলে জানানো হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. নাজিমুদ্দিন হাওলাদার, অর্থ সম্পাদক পদে মো. নিজাম উদ্দিন রনি এবং বন্দর বিষয়ক সম্পাদক পদে মো. নিয়ামুল হক রাকি বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, প্রাথমিক ফলাফল ঘোষণার পর নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
এই বাংলা/এমএস