বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

লালপুরে বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ 

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করছে। দেশের যেকোনো প্রান্তের মানুষের দুর্দশা লাঘব ও সংকট থেকে উত্তরণে সরকার পাশে থাকবে। এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোরের লালপুরে পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

উপজেলার নওশারা সুলতানপুরের ২১৪ পরিবার ও দিয়ার শংকরপুরের ১৮৬ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চালের পাশাপাশি ডাল, ভোজ্য তেল, চিনি, চিড়া-মুড়ি, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট—যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে। দুর্যোগকালে সরকারি সহযোগিতার পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সরকার বন্যার্ত মানুষের পাশে থাকবে।

তিনি আরও বলেন, পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, যোগাযোগব্যবস্থা সহজ করা এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। চরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি সম্ভাবনাময় চরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতেও পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা পরিবারকে অনিশ্চয়তার মধ্যে থাকতে দেওয়া হবে না। দুর্যোগকালে এবং পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকার তাদের পাশে থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর