চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (৮ জুন) দুপুরে চমেক হাসপাতালের কনফারেন্স রুমে রোগী ও লাশ পরিবহন নীতিমালায় অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিল, যা ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত পৌঁছাত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও অন্যান্য ব্যয় বিবেচনায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, নতুন ভাড়ার তালিকা হাসপাতালের জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে দেওয়া হবে, যাতে রোগী ও স্বজনরা সহজেই তথ্য জানতে পারেন। নির্ধারিত ভাড়ার বাইরে অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স মালিক সমিতিকে দায় নিতে হবে এবং অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মেয়র আরও বলেন, চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন গন্তব্যের জন্য নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস যাচাইয়ে বিআরটিএ কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ পরীক্ষা নেওয়া হবে।
সভায় তিনি প্রবর্তক মোড় থেকে অলিখা মসজিদ পর্যন্ত এলাকাকে ‘নিরাপদ জোন’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। এ এলাকায় অ্যাম্বুলেন্স, ভ্রাম্যমাণ দোকান, ডাব ও ফলের গাড়ি পার্কিং বা অবস্থান করতে পারবে না বলেও জানান তিনি। বিক্রেতাদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হবে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ প্রসঙ্গে মেয়র বলেন, জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল তৈরি করে। তাই ডাবের খোসা, প্লাস্টিক বোতল ও টায়ারের মতো বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, চমেক হাসপাতাল এলাকায় সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করে সেখানে গ্রিন প্ল্যান্টেশন, ফুলের টব ও নান্দনিক সাজসজ্জা করা হবে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিন শিফটে ২০ জন কর্মী দায়িত্ব পালন করবেন।
সভা শেষে সংশ্লিষ্টদের নতুন ভাড়া তালিকা বাস্তবায়ন, অ্যাম্বুলেন্স পার্কিং ব্যবস্থাপনা এবং নির্ধারিত বিক্রয় এলাকা কার্যকর করার নির্দেশনা দেন মেয়র।
সভায় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিআরটিএ প্রতিনিধি, ট্রাফিক পুলিশ এবং অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

