বরিশাল চৌমাথা লেকে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারা

বরিশাল প্রতিনিধি :

 

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র চৌমাথা লেক যেন নতুন রূপে জেগে উঠেছে। বর্ণিল আলোর ঝলকানি আর জলের ছন্দময় নৃত্যে মুখরিত হয়ে উঠেছে পুরো লেক এলাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে নির্মিত এই আধুনিক ফোয়ারার উদ্বোধন করেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনের পরপরই হাজারো মানুষের ঢল নামে চৌমাথা লেকপাড়ে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ মুগ্ধ চোখে উপভোগ করেন আলোকিত পানির নান্দনিক নৃত্য।

উদ্বোধনী বক্তব্যে বিসিসি প্রশাসক শিরীন বলেন, “বরিশালকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এই মিউজিক্যাল ফোয়ারা শুধু সৌন্দর্য বাড়াবে না,নাগরিকদের বিনোদনেরও অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানে অংশ নেন।

ফোয়ারাটি চালুর পর পুরো এলাকা যেন উৎসবমুখর হয়ে ওঠে। লেকের পানিতে রঙিন আলোর প্রতিফলন আর সুরের তালে তালে জলের নৃত্য মুহূর্তেই দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যায়। অনেকে মোবাইল ফোনে সেই মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন দৃষ্টিনন্দন আয়োজন বরিশাল নগরীর সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। তাদের আশা, চৌমাথা লেকের এই মিউজিক্যাল ফোয়ারা ভবিষ্যতে নগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে পরিণত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here