রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে: শিবির সভাপতি

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতায় বসাতে পারে, আবার প্রয়োজনে ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারে। তাঁর দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে সরকারকে এর জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে।

রোববার সকালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘এ-প্লাস সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নুরুল ইসলাম বলেন, কুমিল্লায় নিহত অপ্রতিমের পরিবারের আহাজারি দেশের বর্তমান পরিস্থিতির একটি উদাহরণ। তাঁর অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর প্রশ্ন, জনগণ বিভিন্ন পণ্যে ভ্যাট ও ট্যাক্স দেওয়ার পরও সরকার কেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রশিবির সভাপতি আরও বলেন, গত সাত মাসে দেশে হাজার হাজার শিশু নিখোঁজ হয়েছে। এ বিষয়ে তিনি সরকারের কাছে জবাবদিহি দাবি করেন। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে; এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে এবং ২ হাজার ৩৮ জন তখনও উদ্ধার হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও জনগণের বিভিন্ন দাবির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি এসব বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, শুধু বক্তব্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কথা বললে হবে না, বাস্তবে এর প্রতিফলন ঘটাতে হবে। জনগণ বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত এবং ভবিষ্যতে তারা তাদের মতামত আন্দোলনের মাধ্যমে প্রকাশ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে নুরুল ইসলাম বলেন, শিক্ষাজীবনের ভালো ফলাফলের পাশাপাশি আত্মগঠন ও মেধার বিকাশে মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও বিশেষ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের শহীদ আবিদ বিন ইসলামের বাবা। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামিম হোসেন, কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং চিকিৎসক ডা. ফজলুল হক।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে এবং পরিচালনা সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর