শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, রাজশাহী যুবদল নেতার সংবাদ সম্মেলন ও জিডি

স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি সংযোজন এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপু। একই ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর তালাইমারী কাঁচাবাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন টিপু।

লিখিত ও মৌখিক বক্তব্যে টিপু দাবি করেন, গত ৯ সেপ্টেম্বর নগরীর বাসার রোড এলাকায় সম্পদ নামের এক যুবকের ব্যবহৃত মোবাইল ফোন কথা বলার জন্য নিয়ে যান তরিকুল ইসলাম তারেক। পরে ফোনটি ফেরত চাইলে তারেক তা অস্বীকার করেন বলে অভিযোগ করেন তিনি।

টিপুর ভাষ্য অনুযায়ী, বিষয়টি সম্পদ তাকে জানালে তিনি তারেকের সঙ্গে মোবাইল ফোনটি ফেরত দেওয়ার বিষয়ে কথা বলেন। একপর্যায়ে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তারেক ফোনটি নেওয়ার কথা স্বীকার করেন এবং খুলিপাড়া এলাকায় ফোনটি ১ হাজার ৫০০ টাকায় বন্ধক রাখার কথা জানান। পরে ১ হাজার ৫০০ টাকা পরিশোধের মাধ্যমে ফোনটি ফেরত নেওয়া হয় বলে দাবি করেন টিপু।

টিপু আরও অভিযোগ করেন, ওই ঘটনার পর তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, ‘Tarique Rahman’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ও মাদকসংক্রান্ত বিভিন্ন অভিযোগ ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর নগরীর লক্ষ্মীপুর এলিট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে স্ত্রীকে খাবার দিয়ে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় বাসার রোড এলাকায় তাকে পথরোধ করে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি চলে যান বলে দাবি করেন তিনি।

টিপুর অভিযোগ, ওই ঘটনার পরদিন রাত সাড়ে ১১টার দিকে ‘Tarique Rahman’ নামের ফেসবুক আইডি থেকে কক্সবাজারে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়ার মতো অভিযোগ তুলে তার বিরুদ্ধে পোস্ট দেওয়া হয়।

নিজের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে টিপু বলেন, তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগের সত্যতা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সংগঠন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

টিপু জানান, ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডির নম্বর ১৩০৩। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, আলিফ নুর ই জিহাদি টিপু ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন এবং বর্তমানে মহানগর যুবদলের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ ও প্রচার চালানো হচ্ছে, তা সত্য কি না তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন বলে তিনি জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি ও মুখপাত্র) মো. গাজিউর রহমান বলেন, বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর