পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশক নিধনের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার, কীটনাশক স্প্রে এবং রাস্তার পাশের জঙ্গল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়।
কর্মসূচিতে জাকির হোসেন জুয়েল বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। ঈশ্বরদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচিতে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্যসচিব আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আনোয়ারুল বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন, রেজাউল হক মুকুল, মাহামুদুর রহমান রিয়াদ, সাইদুল ইসলাম, সেলিম চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, মাহাবুল হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ যুবদল নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের নেতাকর্মী এবং পৌর, উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, ঈশ্বরদীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস