ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কাঁঠালিয়া নরসুন্দর সমিতির উদ্যোগে কাঁঠালিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়।
পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শ্রীশ্রী ঠাকুরের ভোগরাগ, পূজা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ।
পূজাকে কেন্দ্র করে গত দুই দিন ধরে কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন সেলুন ও হিন্দু সম্প্রদায়ের দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সাজসজ্জা করা হয়।
কাঁঠালিয়া উপজেলা নরসুন্দর সমিতির সদস্য সুজন চন্দ্র শীল জানান, প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “এটি একটি সর্বজনীন উৎসব হওয়ায় সব ধর্মের মানুষ এতে অংশগ্রহণ করছেন।”
এই বাংলা/এমএস