শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন প্রকল্প বন্ধ এবং রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে মোংলায় মানববন্ধন করেছেন পরিবেশ আন্দোলনকারীরা।

শুক্রবার সকালে মোংলা উপজেলার কানাইনগরে পশুর নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

বক্তারা বলেন, জলবায়ু সংকটের বর্তমান পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানিনির্ভর নতুন প্রকল্প গ্রহণ ও এসব প্রকল্পে অর্থায়ন বন্ধ করা প্রয়োজন। তাদের দাবি, সুন্দরবনসংলগ্ন এলাকায় পরিবেশগত ঝুঁকি বিবেচনা না করে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প চালু রাখা হলে উপকূলীয় পরিবেশ ও জনজীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মানববন্ধনে ধরা’র নেত্রী অসীমা মন্ডল ও বৃষ্টি সরকার বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র চালুর পর থেকে মোংলা ও আশপাশের এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক রেশমা খাতুন ও জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ও দূষণের কারণে পশুর নদীর পানির গুণগত মান নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বলে তারা মনে করেন। এতে নদীর মৎস্যসম্পদ এবং এর ওপর নির্ভরশীল জেলেদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসানসহ অন্য বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও টেকসই জ্বালানি নীতি গ্রহণের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শুধু নীতিগত ঘোষণা বা আশ্বাস নয়, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বড় পরিসরে বিনিয়োগ প্রয়োজন। একই সঙ্গে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ পরিবেশগত ঝুঁকিপূর্ণ প্রকল্পগুলো পুনর্বিবেচনার দাবি জানান তারা।

আন্দোলনকারীরা জানান, তাদের দাবিগুলো দ্রুত বিবেচনায় না নিলে ভবিষ্যতে আরও বৃহৎ কর্মসূচি নেওয়া হবে। তাদের মতে, উপকূলীয় পরিবেশ, সুন্দরবন এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় জ্বালানি খাতে টেকসই পরিবর্তন জরুরি।

মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়ন বন্ধ, রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর