ঝালকাঠির কাঁঠালিয়া বাজারে ‘মেসার্স খান ড্রাগ হাউজ’ নামে একটি ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। শাটারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান ওষুধ নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে কাঁঠালিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত ফার্মেসির মালিক সোহাগ খান জানান, ভোররাতে এলাকায় বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে চোরেরা দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও বেশ কিছু দামি ওষুধ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর কাঁঠালিয়া বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস