রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আট দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

যান্ত্রিক ত্রুটির কারণে আট দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিটটিতে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

কেন্দ্র কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ত্রুটি শনাক্তের পর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ শেষে ইউনিটটি পুনরায় সচল করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। চাহিদা ও সক্ষমতা অনুযায়ী উৎপাদন পর্যায়ক্রমে বাড়ানো হবে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বিতীয় ইউনিট পুনরায় চালু হয়েছে এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হবে।

দ্বিতীয় ইউনিট চালু হওয়ায় রামপাল কেন্দ্রের দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। ফলে জাতীয় গ্রিডে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ থাকায় গত কয়েক দিন কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা কমে গিয়েছিল।

দ্বিতীয় ইউনিটের উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এটি সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর