কুড়িগ্রামের রৌমারীতে এক মতবিনিময় সভায় গণমাধ্যমকে ‘সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে মন্তব্য করেছেন চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোখলেছুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রৌমারী উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
রৌমারী উপজেলা প্রশাসন আয়োজিত সভায় রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সার ডিলার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় মোখলেছুর রহমান বলেন, ছোটখাটো নেতিবাচক খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে সরকার বিব্রত ও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাঁর ভাষ্য, প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে চাইলেও গণমাধ্যমের কারণে অনেকে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, চর রাজিবপুরে সার লুটের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তাঁর দাবি অনুযায়ী সেখানে সার লুট হয়নি; বরং দিনভর সার বিতরণ করা হয়েছে। এ সময় ইতিবাচক খবর প্রকাশের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
সভায় মোখলেছুর রহমান দাবি করেন, এলাকায় সারের সংকট নেই। বিষয়টি সাধারণ মানুষকে জানাতে উপজেলা প্রশাসনকে মাইকিং করার পরামর্শ দেন তিনি।
এ বক্তব্যের বিষয়ে জানতে মোখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো জবাব পাওয়া যায়নি।
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, তিনি বিষয়টি শোনেননি এবং বক্তব্যটি কতটা সত্য, তা-ও জানেন না। তবে মোখলেছুর রহমান এমন মন্তব্য করে থাকলে তা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তাঁর দাবি, অনেকেই সার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত না জেনে প্রতিবেদন করেন, যা সঠিক নয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সার ডিলার, রাজনৈতিক নেতাসহ স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস