রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুল কাদির।

নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সামছুল হুদা সাজু, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুবদল নেতা সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর হক জিয়া, ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেন, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছিন মিয়া আকাশ, সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের বাদল শেখসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ঝোপঝাড় এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এসব স্থানে পানি জমে থাকলে এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে বলে জানান আয়োজকরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় যুবদল নেতারা বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান এবং ডেঙ্গুর লক্ষণ ও করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করেন।

উপজেলা যুবদলের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় নাগরপুরে সাত দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

যুবদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তারা।

কর্মসূচি উপলক্ষে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বড় ব্যানার টানানো হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর