পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া সাবান উল্যাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যায় উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের সেক্রেটারি তৌহিদ হাসান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা সময়ের দাবি।
ক্যাশিয়ার জাহিদুল ইসলাম বলেন, প্রতিটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সহকারী ক্যাশিয়ার মো. গোলাম মওলা বলেন, নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নূরে আলম বলেন, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে তারা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হবে।
পরে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস