বরগুনার বামনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া আসামি সাইফুল ইসলাম খোকন ওরফে চান্দি খোকন (৪৭)। তিনি সোনাখালি এলাকার মৃত হারুনুর রশিদ চৌকিদারের ছেলে।
পুলিশ জানায়, বামনা থানার এএসআই মো. আমির হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে সোনাখালি এলাকার মঞ্জু শিকদারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় খোকনকে গ্রেপ্তার করা হলে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
ধস্তাধস্তির সময় এএসআই আমির হোসেন আহত হন এবং তার পরনের জামা ছিঁড়ে যায়। এ ছাড়া অভিযানে থাকা আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই বাংলা/এমএস