নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতের অনুমোদন
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি বাড়বে এবং এলাকার মানুষ আরও সহজে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তার উদ্যোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নবসৃষ্ট উপজেলাসহ আরও ১৩টি নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও প্রয়োজনীয় জনবল সৃষ্টির জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে তিনি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে নতুন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত হওয়ায় স্থানীয়দের চিকিৎসার জন্য জেলা শহর বা ঢাকায় যাওয়ার প্রয়োজন কমে আসবে।
তিনি আরও বলেন, নবীনগরের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও মানসম্মত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।