নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ভাইভা বোর্ডে উপস্থিত হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আটক হওয়া পরীক্ষার্থীরা হলেন—ডোমারের ভোগডাবুড়ি চিলাহাটি এলাকার শাহাদাত হোসেনের ছেলে মো. হৃদয় ইসলাম (১৯) এবং ডিমলার সুন্দরখাতা বালাপাড়া এলাকার মো. বাবুল হোসেন (৩০)।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মৌখিক পরীক্ষার সময় তাদের লেখার নমুনা সংগ্রহ করে লিখিত পরীক্ষার খাতার সঙ্গে তুলনা করা হয়। দু’টির মধ্যে স্পষ্ট অমিল পাওয়া গেলে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে নিজেরা পরীক্ষা দেননি—অন্যের মাধ্যমে প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, অভিযুক্ত দুই পরীক্ষার্থী বর্তমানে জেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অফিস সহায়ক পদে ৪২টি শূন্যপদের বিপরীতে ১৩০ জন, নিরাপত্তা প্রহরী পদে ৩ শূন্যপদের বিপরীতে ৯ জন এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ১টি পদের বিপরীতে ৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

