চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।
একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর তাঁদের ফল প্রকাশ করা হবে। অথচ এসব শিক্ষার্থীর সম্পূরক ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।
আইনজীবী আরও বলেন, সাড়ে তিন লাখ শিক্ষার্থীর বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।
সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তি আবেদন কার্যক্রম শুরুর বিষয়েও আলোচনা হয়।
তবে ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানায়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল।
এই বাংলা/এমএস