জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদ মোংলায় সৃষ্ট বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা মোকাবিলায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট অফিসে ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. নূর আলম শেখ।
সভায় বক্তব্য দেন লিডার্সের প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, ফোরামের নেতা অ্যাডভোকেট সার্বভৌম রায়, জানে আলম বাবু, এম এ কাশেম, ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, মাসুদা বেগম এবং লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর ফাতেমা জান্নাত।
সভায় মোংলা উপজেলার উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর ফলে সৃষ্ট পরিবেশগত ও সামাজিক সমস্যা এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদে তৈরি হওয়া ঝুঁকিগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, জীবিকা ও পরিবেশ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি জলবায়ু ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।
সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সমাধানে করণীয় নির্ধারণ, জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপকূলীয় জনগোষ্ঠীর সমস্যাগুলো তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আগামী তিন মাসের জন্য বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মোংলার জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সমস্যাগুলো তুলে ধরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এই বাংলা/এমএস