বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক সম্মেলনে কুলাউড়ার ডা. সাঈদ এনামের দুটি গবেষণাপত্র নির্বাচিত

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ার কৃতিসন্তান ও মনোরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদ এনামের দুটি গবেষণাপত্র যুক্তরাষ্ট্রের আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (এপিএ) ২০২৭ সালের বৈজ্ঞানিক সম্মেলনে পোস্টার উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠেয় সম্মেলনে গবেষণাপত্র দুটি উপস্থাপনের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গবেষণা দুটির পোস্টার নম্বর ৮০৯৩ ও ৮২৫৭।

গত ৯ নভেম্বর ই-মেইলের মাধ্যমে সম্মেলন কর্তৃপক্ষ তাঁকে এ সিদ্ধান্তের কথা জানায়। তাঁর দাবি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া হাজারো গবেষণাপত্রের মধ্য থেকে কয়েক মাসের বৈজ্ঞানিক পর্যালোচনা শেষে তাঁর দুটি গবেষণাপত্র নির্বাচিত হয়েছে।

ডা. সাঈদ এনামের গবেষণার একটি উল্লেখযোগ্য দিক হলো, বড় কোনো হাসপাতাল বা নামী ডায়াগনস্টিক সেন্টারের পরিবর্তে গ্রামের বাড়িতে থাকা নিজের ছোট্ট চেম্বারকে কেন্দ্র করেই তিনি গবেষণার কাজ পরিচালনা করছেন। চেম্বারটিকে তিনি ‘নিউরোসাইকিয়াট্রি ল্যাব’ হিসেবে উল্লেখ করেন। সেখানে চিকিৎসা নিতে আসা বিরল ও জটিল নিউরোসাইকিয়াট্রিক রোগীদের পর্যবেক্ষণ এবং তাঁদের কেস হিস্ট্রির ভিত্তিতে গবেষণার উপাদান সংগ্রহ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে ডা. সাঈদ এনাম জানান, প্রথমে একজন বিরল রোগীর কেস হিস্ট্রি নিয়ে ২০২৭ সালের সম্মেলনের জন্য একটি অ্যাবস্ট্রাক্ট জমা দেন। এর দুই দিন পর গ্রামের চেম্বারেই আরেকজন ব্যতিক্রমী রোগীর সন্ধান পান। পরে সেই ঘটনা নিয়েও দ্বিতীয় অ্যাবস্ট্রাক্ট জমা দেন। বৈজ্ঞানিক মূল্যায়ন শেষে দুটি গবেষণাই সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়।

তিনি আরও জানান, সম্প্রতি গ্রামের চেম্বারে পাওয়া আরেকজন বিরল রোগীর কেস হিস্ট্রি ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের নিউজলেটারে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে নিউজলেটারের সম্পাদক সম্পাদকীয় লেখার আগ্রহও প্রকাশ করেন।

ওই গবেষণার বিষয় ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মাথায় মর্টার শেলের ধাতব টুকরো বিদ্ধ হওয়ার পরও প্রায় ৫০ বছর বেঁচে থাকা এক ব্যক্তির ঘটনা। বিরল এই চিকিৎসাবৈজ্ঞানিক কেস আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

এর আগে ইউরোপ, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে ডা. সাঈদ এনামের একাধিক গবেষণা উপস্থাপিত হয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মনোরোগ বিশেষজ্ঞদের সম্মেলনে আমন্ত্রণ পেলেও চেম্বারের ব্যস্ততার কারণে সরাসরি অংশ নিতে পারেননি। পরে আয়োজকদের অনুরোধে গ্রামের চেম্বার থেকেই ভার্চুয়ালি গবেষণা উপস্থাপন করেন। একই কারণে ইংল্যান্ডের রয়্যাল কলেজের এডিনবরা সম্মেলনেও সরাসরি উপস্থিত হতে পারেননি।

২০২৭ সালের নিউইয়র্ক সম্মেলনে সরাসরি অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে জানিয়ে তিনি বলেন, সময় ও সুযোগ হলে নিউইয়র্কে গিয়ে গবেষণাপত্র দুটি উপস্থাপন করবেন। তা সম্ভব না হলে গ্রামের চেম্বার থেকেই ভার্চুয়ালি আন্তর্জাতিক পর্যায়ের চিকিৎসক ও গবেষকদের সামনে গবেষণা তুলে ধরবেন। তাঁর কাছে অসহায় রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখাও সমান গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক সম্মেলনগুলোতে বিশ্বের খ্যাতনামা চিকিৎসক ও গবেষকদের উপস্থিতির অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। ইংল্যান্ডের একটি সম্মেলনে তৎকালীন প্রিন্স অব ওয়েলস এবং বর্তমান রাজা তৃতীয় চার্লস উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বলে জানান। এ ছাড়া আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি এস. ফাউচির উপস্থিতির কথাও উল্লেখ করেন।

ডা. মোহাম্মদ সাঈদ এনাম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ২০২১ সালে তিনি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ‘ইন্টারন্যাশনাল ফেলো’ নির্বাচিত হন।

গ্রামের একটি ছোট চেম্বারে রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা চালিয়ে আন্তর্জাতিক সম্মেলনে দুটি গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পাওয়া তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর