রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় দুই দিনের অভিযানে ৪ লাখ ৬০ হাজার টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় দুই দিনব্যাপী মৎস্যসম্পদ সংরক্ষণ অভিযানে ৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ৭ ও ৮ নভেম্বর উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

৭ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হালতী বিলের খোলাবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় হালতী বিলের ট্যাংকি-সংলগ্ন ক্যানেল থেকে ৭০টি চায়না দোয়ারি জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে স্রোতি নেট অপসারণ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

অভিযানের দ্বিতীয় দিনে ৮ নভেম্বর মোহনপুর দারা ও আশপাশের বিলে অভিযান চালানো হয়। এ সময় ৮০টি চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন ধারার মুখে পেতে রাখা সূচি নেটও অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন নলডাঙ্গা থানা-পুলিশের সদস্যরা।

মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং মৎস্য আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর