বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ও প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে মামলা

মোঃমনছুর আলম, ভোলা প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ভোলার দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) জাফরের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় এবং এক প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শিল্পী বেগম নামে এক নারী। তাঁর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিল্পী বেগম দৌলতখান থানায় এসআই জাফরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তবে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি তাঁর।

পরে গত ২৬ অক্টোবর ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসআই জাফরের বিরুদ্ধে মামলা করেন শিল্পী বেগম। মামলাটি সিআর ৫৫৬/২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে। আদালত অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত এসআই জাফরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় কয়েকজনের দাবি, সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং নারীসংক্রান্ত অভিযোগ রয়েছে এসআই জাফরের বিরুদ্ধে। তিনি লালমোহন থানায় কর্মরত থাকাকালেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল বলে দাবি করেন তাঁরা।

অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী ও স্থানীয়রা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর