নাটোরের গুরুদাসপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম ও লাম হোসেন নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই বয়স ৮ বছর।
নিহত ফারহান উপজেলার শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম একই এলাকার বাবুল হোসেনের ছেলে। তারা পরস্পরের বন্ধু ছিল।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি নদীতে গোসল করতে নামে ফারহান ও লাম। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই নদীর গভীর পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শ্যামপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
স্থানীয় প্রশাসন ও গুরুদাসপুর থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
এই বাংলা/এমএস