বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
বুধবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক তত্ত্বাবধানে বুধবার কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব গাছ উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মোংলা ও আশপাশের উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস