সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পানিতে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকার আবুল হোসেনের মেয়ে মোছা. পাখি আক্তার (১২) এবং নাউতারা নিজপাড়া (ঝাকুয়াটারী) এলাকার মো. সেলিমুর রহমানের মেয়ে মোছা. সিনহা (৪)। সম্পর্কে তারা খালা ও ভাগ্নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলছিল। একপর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য পাখি আক্তার পানিতে নামলে তিনিও তলিয়ে যান।

এ সময় ক্যানেলের পাশে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পানিতে নেমে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ সেচ ক্যানেলটিতে ভবিষ্যতে দুর্ঘটনা রোধে দ্রুত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর