কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাইটকামারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কর্তিমারী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাইটকামারী বাজারের একটি চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে মো. আমজাদ আলীর সার ব্যবসার দোকান, মো. বাসেদ আলী ও মো. আলমগীর হোসেনের কাপড়ের দোকান, মো. নিজাম উদ্দিনের ওষুধের দোকান, মো. লোকমান হোসেনের চালের দোকান এবং মো. ওসমান মিয়ার চায়ের দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, দোকানগুলোর মালামালসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগে ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে প্রায় ৭৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এই বাংলা/এমএস