রাজারহাটে আরবি লেখাসংবলিত চারটি সাদা-কালো পতাকা উদ্ধার, তদন্তে পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি :

দেশের বিভিন্ন স্থানে আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একই ধরনের চারটি পতাকা টাঙানো অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার ঠাঁটমারী বধ্যভূমি সেতুর ওপর পতাকাগুলো দেখতে পান পথচারীরা। পরে খবরটি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কে বা কারা, কখন এবং কী উদ্দেশ্যে সেতুর বিভিন্ন স্থানে এসব পতাকা টাঙিয়েছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। বিষয়টি জানাজানি হওয়ার পর উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করতে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা নিয়ে আলোচনা চলার মধ্যে রাজারহাটেও একই ধরনের পতাকা পাওয়া যাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা টাঙিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে পতাকা টাঙানোর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত পতাকাগুলোর সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।”

এদিকে পুলিশ জনগণকে তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের গুজব বা ভিত্তিহীন তথ্য প্রচার কিংবা বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। স্থানীয় প্রশাসনও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here