ভূরুঙ্গামারীতে মহাসড়ক থেকে বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ২৭ জুন, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মহাসড়ক থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা চোরাচালানকারীরা চকলেটভর্তি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, বাঁশজানি সীমান্ত দিয়ে ভারতীয় কিটক্যাট চকলেটের একটি বড় চালান অবৈধভাবে ভূরুঙ্গামারী হয়ে নাগেশ্বরীর দিকে নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মুনতাসির মামুনের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ২৫ জুন রাত থেকে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চোরাচালানকারীদের আটক করার চেষ্টা করা হলেও তারা কৌশলে পালিয়ে যায়। পরে তাদের শনাক্তে অভিযান অব্যাহত রাখা হয়।
এর ধারাবাহিকতায় শুক্রবার (২৬ জুন) সকাল ১১টা থেকে ১২টার মধ্যে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন দেওয়ানের খামার মৌজার ব্র্যাক অফিসের সামনে টহল চলাকালে একটি দ্রুতগতির মোটরসাইকেল দূর থেকে পুলিশের উপস্থিতি দেখে রাস্তার ওপর একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ বস্তাটি জব্দ করে তল্লাশি চালিয়ে ২৭টি প্যাকেটে থাকা মোট ৫৪৬টি ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করে। উদ্ধারকৃত চকলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চোরাই পণ্য আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক চোরাচালানকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মুনতাসির মামুন বলেন, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। তিনি এসব অপরাধ দমনে সর্বস্তরের জনগণকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।