প্রশ্নফাঁস রোধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বরিশাল প্রতিনিধি :

দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ দেওয়া হবে না এবং এ বিষয়ে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করবে।

বৃহস্পতিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। একই পাঠ্যক্রম অনুসরণ করা হলেও এতদিন বিভিন্ন বোর্ডে পৃথক প্রশ্নপত্র ব্যবহার করা হতো। নতুন এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের জন্য সমান মূল্যায়নের পরিবেশ নিশ্চিত হবে এবং উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়াও আরও স্বচ্ছ হবে।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে বা বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রয়োজন হলে তদন্তে তা ব্যবহার করা যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ১৮ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায় শেষ করার বিষয়টিও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শিক্ষার মান ধরে রাখতে কার্যকর ও গুণগত মূল্যায়নের বিকল্প নেই।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, অতিরিক্ত আইজিপি পদমর্যাদার রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভা শেষে শিক্ষামন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here