নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে টানা তিন দিন ধরে পাঁচ সদস্যের একটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবারটি একাধিকবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অভিযোগ জানিয়েও এখন পর্যন্ত কোনো প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছে।
ঘটনাটি বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে। ভ্যানচালক লোকমান হোসেন জানান, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাধু ও বাদশা মন্ডল তার বাড়ির একমাত্র যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এরপর থেকে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জের ধরে প্রায় ২০ বছর ধরে ব্যবহৃত এই রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। ফলে চরম দুর্ভোগে পড়েছে লোকমান হোসেনের পরিবার।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাদশা মন্ডল রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, “এওয়াজ-বদলের মাধ্যমে জমিটি দীর্ঘদিন অস্থায়ী রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখন আমরা জমিটি নিজেদের দখলে নিয়েছি, তাই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ বিষয়ে ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “দু’পক্ষের সঙ্গে একাধিকবার বসেছি। তবে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি।”
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, “রাস্তার বিষয়টি সম্পর্কে আমরা অবগত। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দেখছেন।”
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া বলেন, “রাস্তা বন্ধের অভিযোগ আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে রাস্তা বন্ধ থাকায় পরিবারটির সদস্যরা খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেও বাইরে যেতে পারছেন না। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

