ভুয়া ফোন কলে বিপাকে প্রধান শিক্ষকরা: কাঁঠালিয়ায় ‘ওয়াইফাই প্রশিক্ষণ’ নামে অভিনব প্রতারণা

0
145
​কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আজ সোমবার (২৬ জানুয়ারি) এক অভিনব ও বিচিত্র প্রতারণার শিকার হয়েছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। ওয়াইফাই সেবা ও প্রশিক্ষণ চুক্তির কথা বলে ভুয়া ফোন কলের মাধ্যমে তাঁদের উপজেলা সদরে ডেকে এনে বিভ্রান্ত করেছে একটি অজ্ঞাত প্রতারক চক্র।

উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৭০–৮০ জন প্রধান শিক্ষককে একটি অনলাইন নম্বর (০৯৬৫৮২৯৬২২০) থেকে ফোন করা হয়। কলদাতারা জানান, সোমবার উপজেলা অডিটোরিয়ামে ওয়াইফাই সেবা সংক্রান্ত একটি বিশেষ প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এ তথ্য বিশ্বাস করে শিক্ষকরা বিদ্যালয়ে পাঠদান স্থগিত রেখে সকালে উপজেলা সদরে উপস্থিত হন। কিন্তু সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, নির্ধারিত সভাকক্ষটি তালাবদ্ধ এবং এমন কোনো অনুষ্ঠানের অস্তিত্বই নেই।

কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“একটি অনলাইন নম্বর থেকে ফোন দিয়ে আমাদের জানানো হয় আজ ওয়াইফাই বিষয়ক একটি চুক্তি হবে। প্রায় ৭০ জন শিক্ষক এখানে উপস্থিত হয়েছি। পরে শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এতে আমরা প্রতারণার শিকার হয়েছি এবং অকারণে হয়রানির মুখে পড়েছি।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জামান বলেন, “এ ধরনের কোনো প্রশিক্ষণ বা সভার বিষয়ে আমাদের কাছে কোনো দাপ্তরিক চিঠি বা নির্দেশনা ছিল না। একটি প্রতারক চক্র পরিকল্পিতভাবে শিক্ষকদের বিভ্রান্ত করেছে। বিষয়টি জানার পর সবাইকে নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

উপজেলা আইসিটি অফিসার অতনু কিশোর দাশ মুন জানান, “আজকের এই ঘটনার সঙ্গে আমাদের দপ্তরের কোনো সম্পৃক্ততা নেই। তবে আগামী বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা অডিটোরিয়ামে ওয়াইফাই চুক্তিপত্র সংক্রান্ত একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”

কাঁঠালিয়া উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মোঃ বাদল হাওলাদার বলেন, “এই প্রতারণার কারণে শিক্ষকদের যাতায়াত ও সময়ের ক্ষতি হয়েছে, পাশাপাশি শিক্ষার্থীরাও পাঠদান থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে যাচাই ছাড়া কোনো ফোন কল বা অনানুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। যে নম্বর থেকে ফোন করা হয়েছে, তার উৎস শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here