ঝালকাঠিতে বসতঘরে অগ্নিকাণ্ডে এক শিশু দগ্ধ, ক্ষয়ক্ষতি প্রায় তিন লাখ টাকা

0
156
ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুন / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজার (শিবগঞ্জ হাট) এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার ভোররাতে মুচি ব্যবসায়ী বিষু দাসের বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ করে বিষু দাসের বসতঘরে আগুন লাগলে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের ভেতরে থাকা অন্যান্য সদস্যদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও বিষু দাসের বড় মেয়ে আগুনে দগ্ধ হয়। গুরুতর অবস্থায় দগ্ধ শিশুটিকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকার বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এদিকে নবগ্রাম বাজারে প্রবেশের প্রধান সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বরিশাল–আটঘর সড়কের নবগ্রাম ব্রিজসংলগ্ন নবগ্রাম মডেল হাই স্কুলের পাশ দিয়ে বাজারে ঢোকার বিকল্প সড়কটিও সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। ফলে আগুনে ঘরটি পুরোপুরি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের বিষয়ে বিষু দাস জানান, “ফজরের সময় ধান সিদ্ধ করার জন্য বাজারসংলগ্ন গাজী বাড়িতে গিয়েছিলাম। এ সময় ঘরে আগুন লাগে। লোকজনের চিৎকার শুনে দ্রুত ফিরে আসি।”

ঝালকাঠি ফায়ার সার্ভিসের টিম লিডার মাহবুব বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিই। তবে বাজারে ঢোকার সড়ক সরু হওয়ায় বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে কিছুটা সময় লেগেছে। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। পরে আমরা প্রায় ১০–১৫ মিনিটের চেষ্টায় অবশিষ্ট আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনি।”

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here