মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের উদ্দেশ্যে স্থাপন করা পাঁচটি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার আবুডাঙ্গা ও শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের লক্ষ্যে পাইপলাইন স্থাপনের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আবুডাঙ্গা ও শ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে স্থাপন করা পাঁচটি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে দেখা যায়, অধিকাংশ পাইপলাইনই শুকনা অবস্থায় ছিল। তবে শ্যামপুর এলাকার একটি পাইপলাইন রাতে চালু রাখা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, অভিযান চলার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়া ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযান আংশিকভাবে শেষ করে ফিরে আসে অভিযান পরিচালনাকারী দল। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে জরিমানা করা কিংবা পাইপলাইনগুলো সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস জানান, বৈরী আবহাওয়ার কারণে বুধবারের অভিযান অসম্পূর্ণ রেখেই শেষ করতে হয়েছে। তবে পাঁচটি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সুবিধাজনক সময়ে দ্রুত ওই এলাকায় আবারও জোরদার অভিযান পরিচালনা করা হবে। অবৈধ ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এই বাংলা/এমএস