রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে স্থানীয় যুবদল। সকাল ৮টায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় বৃক্ষরোপণ এবং সাড়ে ৯টায় মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিকেল ৩টায় উপজেলা সদরের মডেল টাউন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব ওমর ফারুক এবং পৌর যুবদলের সদস্যসচিব আবু বক্কর ছিদ্দিক। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। এ ছাড়া বিএনপি, যুবদল এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৭ বছর নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যুবদলকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হয়েছে। বিভিন্ন বাধা সত্ত্বেও সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। তাঁদের মতে, বর্তমান সময়ে সংগঠনের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সরকারের সময়ে অর্থনীতিসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার ফলে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে দেশকে আবার সচল করতে সময় প্রয়োজন। অর্থনীতি ও গুরুত্বপূর্ণ খাতগুলোকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সবার দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।
সভায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
এই বাংলা/এমএস