ফরিদপুরের সদরপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করতে বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা দরবার হলে সুজন (সুশাসনের জন্য নাগরিক), সাহিত্য সংগঠন কণ্ঠচয়ন ও রিডার্স সোসাইটির যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেনা আক্তার মুন্নী।
সদরপুর সুজনের সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ মামুনুর রহমান, কথাসাহিত্যিক করিম রেজা বাবু, কাজী জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজীদ খান এবং কবি সায়ীদ হাসান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বই মানুষের জ্ঞান, চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটায় এবং একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন লেখকের বই উপহার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।