ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার শিমুল কর্মকার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) দিবাগত রাতে নাটোর কোর্ট চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার শিমুল কর্মকার গুরুদাসপুর পৌর এলাকার বাসিন্দা নবীন কর্মকারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) রাতে ‘Shi Mul’ নামের একটি ফেসবুক আইডি থেকে পবিত্র মক্কা ও মদিনার ছবি বিকৃত করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে গুরুদাসপুরে বিক্ষোভ শুরু হয়। অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। রাতে ‘তৌহীদি জনতা’র ব্যানারে একটি মশাল মিছিলও অনুষ্ঠিত হয়।
বিকেলে বিক্ষোভকারীদের একটি অংশ অভিযুক্তের বাড়ির দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এদিকে রোববার রাতে গুরুদাসপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ বিগ্রহ কেন্দ্রীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত শিমুল কর্মকারের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তাকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার কুণ্ডু বলেন, গুরুদাসপুরে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে। অভিযুক্তের কর্মকাণ্ডকে তারা সমর্থন করেন না এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে মাওলানা জামীল আহমাদ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করায় তারা সন্তোষ প্রকাশ করছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।