স্টাফ রিপোর্টার :
ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য নিশ্চিতসহ ৬ দফা দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন জেলার পোল্ট্রি খামারিরা। একই সঙ্গে চলমান সংকট থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষায় সরকারের জরুরি ও কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলার শতাধিক পোল্ট্রি খামারি।
স্মারকলিপিতে খামারিরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যয়ের তুলনায় ডিম ও পোল্ট্রি পণ্যের বাজারমূল্য অস্বাভাবিকভাবে কম থাকায় তারা চরম লোকসানের মুখে পড়েছেন। তাদের দাবি, সরকার নির্ধারিত খামার পর্যায়ে প্রতি ডিমের মূল্য ১০ টাকা ৮০ পয়সা হলেও বাস্তবে ৭ থেকে সাড়ে ৭ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
তারা আরও বলেন, খাদ্য, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় ক্রমাগত বেড়ে চলেছে। এতে অনেক খামারি ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আর্থিক সংকটে পড়েছেন এবং অনেকেই খামার বন্ধ করার পরিস্থিতিতে রয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খামারিদের দাবি, বহুজাতিক কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, ন্যায্য বাজারমূল্য নিশ্চিত এবং ক্ষুদ্র ও মাঝারি খামারিদের টিকিয়ে রাখতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তারা সতর্ক করে বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দেশের পোল্ট্রি শিল্প আরও গভীর সংকটে পড়বে, যার নেতিবাচক প্রভাব জাতীয় খাদ্য নিরাপত্তার ওপরও পড়তে পারে।
এ সময় উপস্থিত ছিলেন বিপিআইএ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুর রহমান, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. শহীদ মল্লিক, মো. নুরুল আরেফিন লিংকন, আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. সুলতান কবির, হাফেজ আব্দুর রশিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের খামারি ও সংগঠনের নেতৃবৃন্দ।

