ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে নদী থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারী’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের ২টি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
পরে জব্দ করা জালগুলো শহরের গুরুধাম এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, দেশীয় মাছের প্রজনন, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
তিনি আরও জানান, ২০২৬–২০২৭ অর্থবছরের ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ’ কর্মসূচির আওতায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।