চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গোডাউনের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ডাল, তেল, চিনি ও টিসিবির অন্যান্য পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনে তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় নয়ন গোডাউনের ওপরতলায় উঠেছিলেন। পরে ঘন ধোঁয়ায় আটকা পড়ে শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

