
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
“আর কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরাট, দোকান দখল কিংবা মামলা বাণিজ্য হতে দেওয়া হবে না। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন”—এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুছনী গ্রামে সাধারণ মানুষের সঙ্গে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমি আপনাদের ঘরের মেয়ে, আপনাদের প্রার্থী। কোনো দলের নয়, আমি আপনাদের পক্ষে কথা বলি। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাবেন না।”
তিনি আরও বলেন, “আমি ১৭ বছর ধরে শেখ হাসিনার মতো শক্তিশালী নেতার সামনে চোখে চোখ রেখে কথা বলেছি। আপনারা আমাকে ভালোবাসেন, সন্তানের মতো গ্রহণ করেছেন। তাই ভয় পেলে চলবে না। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো।”
তিনি অতীতের রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, “এক সময় ছিল যখন বিএনপির কর্মীরা ধানক্ষেত ও বিলে রাত কাটাতো, আর অনেক নেতা তখন ফোন বন্ধ রাখতো। সেই কঠিন সময়ে আমার বক্তব্য শুনে কর্মীরা সাহস পেতো। তারা বুঝতো—আমরা ভেসে আসিনি।”
পথসভায় ব্যারিস্টার রুমিন ফারহানার বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
