‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মৌলভীবাজার সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নাসির উদ্দিন।
সভায় আরও বক্তব্য দেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরটিএর প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে বিআরটিএর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস